সোমবার, মে ২৫, ২০২৬

মাদুরোর পর এবার দুই মন্ত্রী: ভেনেজুয়েলার শীর্ষ নেতাদের ধরতে মিলিয়ন ডলারের পুরস্কার যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৪ ২২:৩১:১৭
ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর দেশটির সরকারের আরও দুই শীর্ষ নেতাকে ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার বা দণ্ডিত করতে সহায়তাকারীদের জন্য মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে।
রোববার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে ধরতে তথ্য দিলে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মাদুরো সরকারের অন্য শীর্ষ ব্যক্তিদের কেন একসঙ্গে গ্রেপ্তার করা হয়নি-এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, একটি অভিযানে পুরো দেশের সবাইকে ধরে আনা সম্ভব নয়। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ভেনেজুয়েলায় অবস্থান করে আরও গ্রেপ্তারের চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়তে হতো।
রুবিও আরও বলেন, এই অভিযানকে লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করা ঠিক নয়। তাঁর দাবি, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের মিশন ভিন্ন প্রকৃতির এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক।
এদিকে ওয়াশিংটন জানিয়েছে, ভেনেজুয়েলার ওপর চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহর মোতায়েন এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসব পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে ভেনেজুয়েলা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেন রুবিও।

কী-ওয়ার্ডস:ভেনেজুয়েলা সংকট, মার্কিন পুরস্কার ঘোষণা, মাদুরো সরকার


এ জাতীয় আরো খবর