পুলিশের কাজে বাধা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার সকাল ১০টার দিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহদীর জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যায়।
গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত তারা থানা চত্বরে অবস্থান করে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় সকালে তাকে আদালতে নেওয়া হয়।
আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় মাহদী হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার মধ্যরাতে। ওই সময় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এনামুলকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী থানার ওসির কক্ষে অবস্থান নেন।
ওই অবস্থানকালে মাহদী হাসানের সঙ্গে ওসির উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
কী-ওয়ার্ডঃমাহদী হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,হবিগঞ্জ আদালত