রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় বালুবাহী ট্রাক উল্টে চাপা পড়ে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ব্যস্ত হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হন, যিনি পরে হাসপাতালে মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে হাটের ভেতরে ঢুকে উল্টে যায়। সে সময় হাটে কেনাবেচায় ব্যস্ত থাকা কয়েকজন কলা ব্যবসায়ী ট্রাকটির নিচে চাপা পড়েন।
নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকার প্রামাণিক (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আহত রায়হান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহায়তায় ট্রাকের নিচে চাপা পড়া ব্যক্তিদের বের করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে যান, পরে পুলিশ আরও তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুঠিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সারওয়ার হোসেন জানান, ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত বাজার এলাকায় ঢুকে পড়ে উল্টে যায়, ফলে প্রাণহানির ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে যৌথভাবে কাজ চলছে।
এই দুর্ঘটনায় কলার হাট ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কী-ওয়ার্ডস:পুঠিয়া দুর্ঘটনা,বালুবাহী ট্রাক,কলার হাট