ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হওয়ার প্রতিবাদে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, এনইআইআর কার্যক্রম কার্যকর হওয়ার পর দুপুরের দিক থেকেই একদল বিক্ষুব্ধ মোবাইল ফোন ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। বিকেল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে ভবনের করিডোর, জানালা ও মূল ভবনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের এডিসি মো. ফজলুল করিম জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের থানায় রেখে পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
হামলার সময় বিটিআরসি ভবনের একটি মসজিদের কাচ ভেঙে যায়, যেখানে নামাজ আদায় চলছিল। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের পাশের গলিতে রাখা বিআরটিসির একটি বাসেও ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর বিটিআরসি ভবন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বিটিআরসি কর্মকর্তারা জানান, হঠাৎ এই হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী এনইআইআর কার্যক্রম চালু করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ সহিংস বিক্ষোভে জড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কী-ওয়ার্ডস:এনইআইআর,বিটিআরসি,মোবাইল ব্যবসায়ী