পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে। যেসব হিসাবে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে, সেসব আমানতকারী পরবর্তীতে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। তবে কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না।
টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এ ক্ষেত্রে ব্যাংক রেটের তুলনায় এক শতাংশ কম, অর্থাৎ তিন শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দুই বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত উত্তোলনের সুযোগ পাবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, যৌথ উদ্যোগ ও বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে ধাপে ধাপে স্বাভাবিক লেনদেনের ব্যবস্থা চালু করা হবে।
এছাড়া চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে তিনবার নবায়নের পর উত্তোলনযোগ্য হবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানত দুইবার নবায়নের পর উত্তোলনের সুযোগ পাওয়া যাবে।
কী-ওয়ার্ডসঃসম্মিলিত ইসলামী ব্যাংক,আমানত উত্তোলন
বাংলাদেশ ব্যাংক,ব্যাংক একীভূতকরণ