বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

নির্বাচন ও গণভোটের কারণে টঙ্গী ময়দানে তাবলীগের জোড় ও বিশ্ব ইজতেমা স্থগিত

  • গাজীপুর প্রতিনিধি
  • ২০২৫-১২-৩১ ১০:০২:১৬
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জানুয়ারি মাসে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের প্রস্তাবিত সব কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপসচিব মো. আনোয়ার পারভেজের স্বাক্ষর রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত আবেদন করা হলেও নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে ওই সময়সূচিতে কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন-পূর্ব সংবেদনশীল সময়ে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’, ‘বিশ্ব ইজতেমা-২০২৬’সহ যেকোনো ধরনের বড় সমাবেশ আয়োজন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী-ওয়ার্ডস:বিশ্ব ইজতেমা,জাতীয় সংসদ নির্বাচন,টঙ্গী ময়দান


এ জাতীয় আরো খবর