বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়লেন আসাদুজ্জামান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৭ ২৩:২৩:৫১
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন বলে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।
তিনি জানান, স্বাক্ষরিত পদত্যাগপত্র রোববার রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। দায়িত্ব ছাড়ার মাধ্যমে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে গেল সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবীর।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান মো. আসাদুজ্জামান। দায়িত্বকাল শেষ না হতেই তিনি নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নিলেন। জানা গেছে, তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের আগে মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান মো. আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং পরের বছর হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। ২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবী সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা, প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

কী-ওয়ার্ডসঃঅ্যাটর্নি জেনারেল পদত্যাগ,আসাদুজ্জামান নির্বাচন,ঝিনাইদহ-১ আসন


এ জাতীয় আরো খবর