বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।
স্মৃতিসৌধে পৌঁছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে রাত ১০টা ৩৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই সাভার, আশুলিয়া এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমাতে থাকেন। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করতে হয়। সে কারণে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে বিএনপির নেতারা শহীদদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
কীওয়ার্ডঃতারেক রহমান,জাতীয় স্মৃতিসৌধ,মুক্তিযুদ্ধের শহীদ