মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজনই দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কুলাউড়া থেকে জুড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই ওই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছিল, ফলে সড়কে দৃশ্যমানতা ছিল খুবই কম। কুয়াশার সঙ্গে অতিরিক্ত গতিও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা ধারণা করছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কীওয়ার্ডসঃকুলাউড়া,সড়ক দুর্ঘটনা,ঘন কুয়াশা