মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৩ ২২:০৪:০৫
ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত তারা নির্বাচন কমিশনে অবস্থান করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিভিন্ন পর্বে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বক্তব্য দেন।
দুপুরের দিকে তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভার দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিকেল সাড়ে চারটার দিকে তারা নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। তবে এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এর আগে উপদেষ্টারা নির্বাচন ভবনে পৌঁছালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।
নির্বাচন ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কীওয়ার্ডসঃত্রয়োদশ সংসদ নির্বাচন,গণভোট প্রস্তুতি,নির্বাচন কমিশন


এ জাতীয় আরো খবর