আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমেছেন। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে থাকছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এরপর থেকেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এনসিপি কিংবা গণঅধিকার পরিষদে যোগ দিয়ে জোটের প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও, ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানান-তিনি কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে থাকবেন।
মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে ঢাকা-১০ আসনে নির্বাচন প্রতিযোগিতা আরও বহুমাত্রিক রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কীওয়ার্ডসঃঢাকা-১০ আসন,আসিফ মাহমুদ,জাতীয় নির্বাচন