মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-১৯ ২১:৪৭:১৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো বিকল্প সড়ক ব্যবস্থাপনার মধ্যে রয়েছে-
মিরপুর রোড থেকে ফার্মগেটমুখী যানবাহনকে গণভবন ক্রসিং হয়ে লেক রোড ও বিজয় সরণি ব্যবহার করতে হবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহনকে খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোডে চলাচল করতে হবে।
ধানমন্ডি ও আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহনের জন্যও লেক রোড, বিজয় সরণি ও গণভবন ক্রসিং ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহনকে নির্ধারিত বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নির্দেশনায় পরিবর্তন আনা হতে পারে।

কীওয়ার্ডসঃশহীদ শরিফ ওসমান হাদি,ডিএমপি ট্রাফিক নির্দেশনা,মানিক মিয়া অ্যাভিনিউ


এ জাতীয় আরো খবর