চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও র্যাবের পৃথক তিনটি অভিযানে ৪৩৭ বোতল ভারতীয় নেশার সিরাপ ও ৩০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে র্যাবের হাতে ইয়াবা সহ মো.রুবেল (৪২) নামে এক মাদক কারবরি গ্রেপ্তার হলেও বিজিবি’র অভিযানে কেউ আটক হয় নি। গ্রেপ্তার রুবেল শহরের রেলবাগান প্রান্তিকপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।
বিজিবি জানায়,বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিজিবি অভিযান চালায়। মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযানে জব্দ হয় ২৭৮ বোতল চকো প্লাস সিরাপ। অপর দিকে একই ইউনিয়নের পারচৌকা গ্রাম থেকে ১৫৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়। মাসুদপুর ও মনাকষা বিওপির দুটি টহল দলের অভিযানে জব্দ এসব সিরাপের মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ সিরাপোর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে শহরের রেলস্টেশন রোডের বড় বটগাছের নীচে ইয়াবা বিক্রয়কালে হাতেনাতে গ্রেপ্তার হয় রুবেল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিয়ে রুবেলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।