বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর করল বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-১২ ২২:০৬:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পদ্মাতীরবর্তী বাখর আলী সীমান্তে নিখোঁজ বাংলাদেশী যুবক তোসিকুর ইসলামের(৩২) গুলিবিদ্ধ মরদেহ ভারতের অভ্যন্তরে উদ্ধারের পর বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে বাংলাদেশী পুলিশের নিকট হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বিজিবি, পুলিশ  ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার (১২ডিসেম্বর) বিকাল ৫টা থেকে সাড়ে  সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত  সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ।  এর আগে মুখ দেখে মরদেহ শনাক্ত করেন নিহতের বাবা ইব্রাহীম আলী।  নিহত তোসিকুর  বাখর আলী ইউনুসমন্ডলেরটোলা পশ্চিমপাড়া গ্রামের  বাসিন্দা। এ সময় সংশ্লিস্ট  ইউপি ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ছবি,সাবেক সদস্য জামাল উদ্দীন ও ইউনুস আলী উপস্থিত ছিলেন। পুলিশ মরদেহ গ্রহণের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,৪/৫ দিন পূর্বে  গরু,মাদক বা অন্য কোন পণ্য চোরাচালানের জন্য ভারতে যাবার পর  সঙ্গীরা পালিয়ে আসলেও বিএসএফ’র গুলিতে নিহত হন তোসিকুর। পুলিশ কর্মকর্তা সুকোমল বলেন, কফিনে মোড়ানো ময়নাতদন্ত করা মরদেহ  প্রাথমিক পরীক্ষার পর তোসিকুরের বুকের ডান দিক থেকে  ঘাড়ের নীচ পর্যন্ত  ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে।
এর আগে গত বুধবার(১০ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশ  নদীতে তোসিকুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে দাবি করে সন্ধ্যায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তোসিকুরের বাবা ইব্রাহীম আলী বাখর আলী বিওপিতে উপস্থিত হয়ে অবহিত করেন। এরপর বিজিবি পরবর্তী প্রক্রিয়া শুরু করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) সকাল ১১টায় দিকে সদর উপজেলার জহুরপুর সীমান্তে প্রথম দফা বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি  প্রতিপক্ষ ৭১ বিএসএফ’র বয়রাঘাট বিএসএফ ক্যাম্পকে তোসিকুরের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে। বিএসএফ বৈঠকে এ ব্যাপারে দ্রæত বিজিবিকে জানানো হবে বলে জানায়। পরে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিএসএফ এক বাংলাদেশীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হস্তান্তরের কথা জানায়। সে অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায়  মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২৩/৮ এস নিকট টানা দ্বিতীয় দিনের মত পতাকা বৈঠকে হস্তান্তর সম্পন্ন হয়।
এ  ঘটনা তদন্তের পর  বিজিবি পরবর্তী পদক্ষেপ নিবে জানিয়ে অধিনায়ক মুস্তাফিজুর আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তোসিকুরের মরদেহ সীমান্তে পদ্মার সমান্তরালে প্রবাহিত  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথপুর (সাবেক জঙ্গিপুর) থানার ভাগিরথী নদী থেকে উদ্ধার হয়েছে। স্থানটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।  
 

 


এ জাতীয় আরো খবর