বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সেতুর নামকরণকে কেন্দ্র করে বরিশালে উত্তেজনা, উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড

  • বরিশাল প্রতিনিধি:
  • ২০২৫-১২-০৬ ২২:৩০:০১
ছবি: সংগৃহীত।

বরিশালের গৌরনদী-মুলাদী এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর নাম পরিবর্তনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে স্থানীয় ক্ষুব্ধ জনতা হামলা-ভাঙচুর চালিয়ে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ করে দেয়।
শনিবার বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাজিরচর এলাকায় নির্মিত সেতুর উদ্বোধনী প্যান্ডেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই উত্তেজিত জনতা প্যান্ডেলে হামলা চালান। তাদের অভিযোগ, এলজিইডির অধীনে নির্মিত ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’র নাম স্থানীয়দের না জানিয়ে পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখা হয়েছে। হঠাৎ নাম পরিবর্তন করায় এলাকাবাসীর ক্ষোভ বিস্ফোরিত হয়।
স্থানীয়রা আরও জানান, সেতু নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেতুর নাম ‘৩৬ জুলাই সেতু’ হিসেবে উদ্বোধনের প্রস্তুতি চলছিল। নাম পরিবর্তন নিয়ে আগে থেকেই স্থানীয়দের আপত্তির কথা উর্ধ্বতন দফতরকে জানানো হয়েছিল।
মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার পর অনুষ্ঠান বাতিল করা হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক।

কীওয়ার্ডঃ
সেতু উদ্বোধন
নামকরণ বিতর্ক
বরিশাল উত্তেজনা


এ জাতীয় আরো খবর