মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, চিকিৎসায় সহযোগিতায় প্রস্তুত ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০২ ১১:২১:৪৬
ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, ভারত যেভাবে পারে-সেভাবেই সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত। সোমবার তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্ট উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস এমন তথ্য জানিয়েছে।
মোদি তার পোস্টে লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত-যেভাবে পারি।”
দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃদ্‌রোগসহ একাধিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সহযোগিতার জন্য চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক সোমবার বিকেলে ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে যান। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, “চীনের পাঁচ সদস্যের প্রাথমিক মেডিকেল দল এসে চিকিৎসায় যুক্ত হয়েছে। মূল বিশেষজ্ঞ দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে।”
ভারত ও চীনের চিকিৎসা সহায়তার ঘোষণা খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে কূটনৈতিক তৎপরতাকে আরও বাড়িয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে দোয়া অব্যাহত রয়েছে।

কীওয়ার্ডস: মোদির উদ্বেগ, খালেদা জিয়া, চিকিৎসা সহযোগিতা


এ জাতীয় আরো খবর