বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩টি বিদেশী ওয়ান শুটার গান,৬ রাউন্ড গুলি,২টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২৮ ১৯:৩৫:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  ও সদর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান,৬ রাউন্ড গুলি,২টি ভারতীয় গরু ও ৪৪ বোতল মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাত ৯টা থেকে শুক্রবার(২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব  অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জের চকপাড়া বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ এলাকায় অভিযান চালায়।  মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে মাত্র ২৫ গজ বাংলাদেশের ভেতরে পাগলা নদীর তীরে চালানো ওই অভিযানে মালিকবিহীন  ওইসব আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। এসব অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হবে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিং এ বলেন, আসন্ন্ সংসদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সীমান্ত দিয়ে অস্ত্র,গোলাবারুদ,বিস্ফোরক দ্রব্য চোরাচালান করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বিজিবি বিগত ১ মাস যাবৎ সীমান্তে  সার্বিক তৎপরতা বাড়িয়েছে। এরই প্রেক্ষিতে  অস্ত্রের চালান আসার গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ বছরে মহানন্দা ব্যাটালিয়ন আওতাধীন ৭৫ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়েং ১৫ জন আসামী সহ ৩০টি পিস্তল,৩৯২ রাউন্ড গুলি ও  ৪১টি ম্যাগজিন জব্দ করেছে।
বিজিবি আরও জানায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরের সূর্যনারায়নপুর এলাকা থেকে ২টি ভারতীয় গরু ও শিবগঞ্জের মনাকষা ইউনিযনের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
শুক্রবার দুপুরে ৫৩ বিজিবি অথিনায়ক লেফটেন্যান্টকর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,ভারত থেকে চোরাচালানে গরু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখার গোপন খবরে অভিযানগুলো চালানো হয়।  অভিযানে জহুরপুর বিওপি টহল দল গরু ও মনাকষা বিওপি টহল দল মদ জব্দ করে। এসব মালামালের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক।


এ জাতীয় আরো খবর