বুধবার, আগস্ট ২৬, ২০২৬

অগ্রণী ব্যাংকের দুই ভল্ট ভেঙে শেখ হাসিনার নামে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-২৬ ১০:৪৯:৪৪
ছবি: সংগৃহীত।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় রক্ষিত দুইটি ভল্ট খুলে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার আদালতের অনুমতি ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট দু’টি ভাঙা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইসি ও দুদকের একটি যৌথ দল ভল্ট দুটি খুলে মোট ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে।
সিআইসির এক কর্মকর্তা জানান, ভল্ট খোলার প্রক্রিয়া সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করা হয়। লকার ৭৫৩ (চাবি নম্বর ২০০) এবং লকার ৭৫১ (চাবি নম্বর ১৯৬) শেখ হাসিনার নামে ছিল।
এনবিআর সূত্র জানায়, কর ফাঁকি ও আর্থিক অনিয়মের সন্দেহে লকার দুটি জব্দ করা হয়েছিল। একই দিনে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখার ভল্টও খোলা হয়, তবে সেখানে কোনও স্বর্ণ বা মূল্যবান সম্পদ পাওয়া যায়নি।
এর আগে ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করা হয়। সেদিন পাওয়া দুটি ব্যাংক হিসাবে একটি এফডিআরে প্রায় ১২ লাখ টাকা এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা ছিল।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ায় জব্দ লকারগুলো খুলে সম্পদ শনাক্তের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে এনবিআর জানায়।

কীওয়ার্ডঃ এনবিআর অভিযানে স্বর্ণ,শেখ হাসিনা লকার,অগ্রণী ব্যাংক


এ জাতীয় আরো খবর