চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ও ৩হাজার ৬০০ পিস নেশাকারক ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, মঙ্গলবার(১১নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২/৪ এস হতে মাত্র ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের উনিশবিঘা নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাললেট জব্দ হয়।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়। জব্দ ১,৯৪০ পিস ইয়াবা ও ৩,৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা করা হবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া। সম্প্রতি সীমান্তে চোরচালান বিরোধি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।