বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে ভারতে গরু আনতে গিয়ে বাংলাদেশী নিখোঁজ

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-১০-২৭ ২৩:৩৭:১৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ওপারে পদ্মা নদী পেরিয়ে ভারতে গরু আনতে যাবার পর সোহেল রানা(২৬) নামে এক বাংলাদেশী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই যুবক দূর্লভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রামনাথপুর গ্রামের মইনুল হকের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার(২৬ অক্টোবর) দিবাগত রাতে কয়েক বাংলাদেশী গরু আনতে ভারতে যাবার পর অন্যরা ফিরে আসলেও সোহেল ফিরে আসে নি। সোমবার(২৭অক্টোবর) বিকেলে সোহেলের নিখোঁজ হবার ঘটনা এলাকায় ছড়িয়ে পরে। ব্এিসএফ এর হাতে তিনি আটক হয়েছেন এমন শোনা গেছে বলেও এলাকাবাসী জানিয়েছেন। সোহেল চোরাকারাবারে জড়িত বলেও শোনা গেছে। সংশ্লিস্ট ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুল গফুর ও ৯ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, এমনকি গরু আনতে গিয়ে সোহেল নিহত হয়েছেন বলেও এলাকায় গুজব রটেছে। তবে নিহতের ঘটনা সোমবার রাত ১১টা পর্যন্ত কোন সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) উপ-অধিনায়ক মেজর আসরারুর হক বলেন, সোহেলের নিখোঁজের ঘটনাটি স্থানীয় ও পরিবার সূত্রে বিজিবি জানতে পেরেছে। এ ব্যাপারে পরিবারের সাথে যোগাযোগ করা হলে, পরিবারও গত রোববার রাতে সোহেল কাজে বাইরে যাবার পর নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে। সীমান্তে নিখোঁজ হয়েছে এমন অভিযোগ করে নি। তবে স্থানীয়ভাবে জানা গেছে, অন্তত: ৪ জন বাংলাদেশী ভারতে গরু আনতে যাবার পর শুধু সোহেল নিখোঁজ হয়েছেন। অন্য ৩ জনের খোঁজ করছে বিজিবি। উপ-অধিনায়ক আরও বলেন, ঠিক কি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথা বলা হয়েছে। সোমবার সকালে জানতে পারার পর বিজিবি দুপুরে ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের সাথে যোগাযোগ করেছে। বিএসএফ এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে। সীমান্তে গুলির কোন ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন মেজর আশরারুর হক। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি।

এ জাতীয় আরো খবর