শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

টঙ্গীতে ট্রাফিক পুলিশকে মারধর,অটোরিকশাচালক গ্রেপ্তার

  • গাজীপুর প্রতিনিধি
  • ২০২৫-১০-১০ ১৪:৪২:০৯
ছবি: সংগৃহীত।

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত চালকের নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, রাতের দায়িত্ব পালনকালে ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ অটোরিকশাচালকদের মেইন রোডে প্রবেশে নিষেধ করেন। কিন্তু মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোর করে রাস্তায় ঢোকার চেষ্টা করেন। তখন কনস্টেবল সাঈদ টেস্টার দিয়ে তার অটোরিকশার চাকা ফুটো করেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক কনস্টেবলের হাত থেকে টেস্টারটি কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মুস্তাকিনকে আটক করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া।

কীওয়ার্ডস: টঙ্গী পুলিশ হামলা, অটোরিকশাচালক গ্রেপ্তার, গাজীপুর ঘটনা


এ জাতীয় আরো খবর