চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেছন থেকে পাথরবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সা যাত্রী সেরাজুল ইসলাম(৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আলহাজ জমাদ্দারের ছেলে। সেরাজুল কৃষিকাজে জড়িত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার(৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জের ধোপপুকুর বাজার এলাকায় সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা থেকে সড়কে ছিটকে পড়ে মাথা ও পায়ে আঘাত পান সেরাজুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ঘটনার পর ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৩১৪৮) পালিয়ে যায়। অটোরিক্সারও কোন খোঁজ মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের ভাই ফজলুর রহমান বলেন, তাঁর ভাই শিবগঞ্জের কানসাট বাজারে আসার সময় সোনামসজিদ স্থলবন্দর ছেড়ে আসা ট্রাকের ধাক্কায় প্রথমে আহত হন ও পরে রাজশাহীতে মারা যান।