হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। শুক্রবার (৩ অক্টোবর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে নেন।
প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি বলেন, “তার অবস্থা এখন ক্রিটিক্যাল। আগামীকাল পার হলে চিকিৎসকরা কিছুটা নিশ্চিত হতে পারবেন।”
চিকিৎসক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে দুটি রিং বসানো হয়।
১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণকারী সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘ শিক্ষকতা শেষে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ULAB) যোগ দেন।
২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ঘোষণা করা হয়। সাহিত্য জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদক লাভ করেন।
সাহিত্য ও শিক্ষা জগতে তার এই সংকট মুহূর্তে দেশের নানা প্রান্ত থেকে শুভকামনা জানাচ্ছেন ভক্ত, পাঠক ও সহকর্মীরা।
কীওয়ার্ডস:
সৈয়দ মনজুরুল ইসলাম, লাইফ সাপোর্ট, হার্ট অ্যাটাক, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যপ্রকাশ