সোমবার, মে ১১, ২০২৬

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত: নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৯-২৯ ০৯:১৮:৪৯
ছবি: সংগৃহীত।

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ের জনসমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় শোক নেমে এসেছে গোটা তামিলনাড়ুতে। করুরে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্তত ৪০ জন নিহত ও শতাধিক আহত হন। মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। নিহতদের পরিবারকে ২০ লাখ এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে।
নিজের রাজনৈতিক দল *তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)*-এর আয়োজিত এই সমাবেশে প্রাণহানিকে বিজয় বর্ণনা করেছেন “অপূরণীয় ক্ষতি” হিসেবে। এক্স পোস্টে তিনি লিখেছেন, “যাদের সঙ্গে আমি দেখা করেছি, তাদের মুখ আমার মনে ভেসে উঠছে। তাদের হারানো আমাকে গভীর কষ্ট দিচ্ছে।”
শোক জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তামিলনাড়ু পুলিশের দাবি, বিজয় অনুষ্ঠানে প্রায় চার ঘণ্টা দেরি করে পৌঁছানোর কারণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ ঘটনায় টিভিকে দলের তিন সিনিয়র নেতা—বুসি আনন্দ, জি. আর. নির্মল কুমার ও ভি. পি. মাথিয়াজগনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অবহেলাজনিত অপরাধমূলক হত্যাকাণ্ড ও মানবজীবন বিপন্ন করার মতো কার্যকলাপের। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

কীওয়ার্ডসঃথালাপতি বিজয় সমাবেশ,পদদলিত দুর্ঘটনা,ক্ষতিপূরণ ঘোষণা,তামিলনাড়ু ট্র্যাজেডি,টিভিকে মামলা


এ জাতীয় আরো খবর