নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পিআর পদ্ধতির দাবিতে চলমান আন্দোলন কিংবা এনসিপির প্রতীকসংক্রান্ত জটিলতা আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহিদ সাটুহল মিলনায়তনে সিবিটিইপি প্রকল্প আয়োজিত *“নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়”* শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তাই সংবিধান ও আইনের আলোকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অতীতের নির্বাচনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম বা অবৈধ কাজের অভিযোগ উঠেছিল, তাদের এবার দায়িত্ব থেকে সরিয়ে রাখার বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
কর্মশালায় অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কীওয়ার্ডসঃনির্বাচন কমিশন,পিআর পদ্ধতি,প্রতীক জটিলতা,ত্রয়োদশ নির্বাচন,চাঁপাইনবাবগঞ্জ কর্মশালা