চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্নাঢ্য ্আয়োজনে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর চূড়ান্ত খেলায় সদর উপজেলা ফুটবল দল ৪-১ গোলে শিবগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকালে জেলা ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ২ সপ্তাহব্যাপী অনুষ্ঠিত টর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন হাজার হাজার দর্শক।
ম্যান অব দ্য মাচ নির্বাচিত হন সদর উপজেলার আব্দুস সামাদ। ম্যান অব দ্য টূর্নামেন্ট এবং ৮ টিঁ গোল করে টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সদর উপজেলার ১০ নং জার্সিধারী আব্দুল আহাদ। ফাইনালে সদর উপজেলার পক্ষে দুটি করে গোল করেন আহাদ ও ঘানার বুয়াচিন। শিবগঞ্জের পক্ষে একমাত্র গোল করেন জাহিদুল। এছাড়াও ফাইনালে সদর উপজেলা দলে নাইজেরিয়া ও আইভরি কোষ্টের একজন করে মোট ৩ জন বিদেশী খেলোয়াড় অংশ নেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
জেলায় দীর্ঘদিনের খেলা শূণ্যতা কাটিয়ে মনোমুগ্ধকর করে সাজানো ষ্টেডিয়ামে গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া লীগ পদ্ধতির এই খেলায় জেলার ৫টি অর্থাৎ সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট উপজেলা ফুটবল দল প্রত্যেকের সাথে প্রত্যেকে খেলার পর শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচই বিপুল সংখ্যক দর্শক,ক্রীড়ামোদি,খেলোয়াড়,ক্রীড়া সংগঠক, ক্রীড়া ও সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল ভরপুর।