হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আসন্ন নির্বাচনে ভ্রান্ত আকিদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না। তিনি আহ্বান জানান—সহিহ আকিদাভিত্তিক ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ইসলামের ক্ষতি হতে পারে এমন দল বা মতাদর্শ থেকে দূরে থাকার।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাবুনগরী বলেন, "যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করেছেন, তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য হবে না। এসব ভ্রান্ত আকিদার বিষয়ে বহু গ্রন্থও লেখা হয়েছে।"
তিনি আরও বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। পাশাপাশি তিনি দাওয়াতে তাবলিগ, মসজিদ-মাদরাসার স্বার্থ সুরক্ষার ওপর জোর দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ অন্যান্য শীর্ষ নেতারা।
কীওয়ার্ডস:
হেফাজত আমির, ভ্রান্ত আকিদা, জোটবদ্ধ রাজনীতি, উলামা সম্মেলন, বাবুনগরী