বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ভাঙ্গায় সড়ক অবরোধ: ফরিদপুর আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়নের এক দফা আন্দোলন

  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৫-০৯-০৯ ০৯:৪৩:৩৩
ছবি: সংগৃহীত।

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আলগী ইউনিয়নের শুয়াদী এবং হামিরদীর মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা।
অবরোধকারীরা গাছ ফেলে ও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাঙ্গা আসনে ফেরত না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। স্থানীয় বাসিন্দারা জানান, এ সিদ্ধান্ত তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুই ইউনিয়নের স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তিনি বলেন, সড়ক অবরোধ জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে। তবে তারা এখনো যান চলাচল স্বাভাবিক করতে রাজি হয়নি। হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, অবরোধের কারণে দুর্ভোগ সৃষ্টি হলেও এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কীওয়ার্ডস:ভাঙ্গা সড়ক অবরোধ,ফরিদপুর আসন পরিবর্তন,নির্বাচন কমিশন বিরোধ,ফরিদপুর-৪ আন্দোলন,ভাঙ্গা ইউনিয়ন বিক্ষোভ


এ জাতীয় আরো খবর