বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু,পুলিশের উপর চড়াও জনতা, ১ পুলিশ সদস্য আহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-০৮ ২২:০৯:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাক চাপায় মোসা.ফাতেমা(১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে শহরের  ৯ নং ওয়ার্ডের রাজারামপুর ফতেপুর ভবানীপুর মহল্লার ইসমাইল হক কালুর মেয়ে ও শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল। এদিকে  ঘটনার পর  বিক্ষুদ্ধ জনতা ট্রাক ভাংচুর করে আগুন দেবার চেষ্টা করলে পুলিশ  বাধা দেয়। এ সময় বিক্ষুদ্ধরা পুলিশের উপর চড়াও হলে অন্তত: একজন পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে  রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার(৮ সেপ্টেম্বর)  সন্ধ্যা পৌনে ৬টার দিকে ১০ নং ওয়ার্ডের নামোশংকরবাটি চৌমুহনী বাঁশবাড়িয়া  মোড়ে ঘটনাটি ঘটে। স্থানীয়রা  ঘটনাস্থলে আহত মেয়েটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ও ট্রাকটি আটক করে। এসময় স্থানীয়রা পুলিশের সাথে  দীর্ঘক্ষণ যাবৎ বিবাদে জড়িয়ে পড়ে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ ট্রাকটি আটক করতে গেলে স্থানীয়রা  বিশেষ শাখার (এসবি) পুলিশ সদস্য ও   থানা পুলিশের উপর আক্রমনের চেষ্টা করে। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
সংশ্লিস্ট ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহুরুল ইসলাম টুটুল বলেন, ঘটনার খোঁজ নিতে গিয়ে  পুলিশের বিশেষ শাখার এক উপ-পরিদর্শক ও এক কনষ্টেবল হামলার শিকার হন বলে জানা গেছে।  একটি অটোরাইস মিলের ওই  ট্রাকটি খালি ছিল।  ঘটনার পর ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। 


এ জাতীয় আরো খবর