মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকাল থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করতে চলেছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০%।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এখনো রাশিয়া থেকে ভারতের তেল আমদানি করে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে, তাদের ওপর চাপ প্রয়োগ করাটাই হলো এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে "অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক" বলে উল্লেখ করেছে।
এদিকে, চীনের ওপর সর্বোচ্চ ২০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি পরিমাণে ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনের। তা না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে।
কীওয়ার্ডস:যুক্তরাষ্ট্র,ভারতীয় পণ্য,শুল্কহার,বাণিজ্যিক সম্পর্ক,ডোনাল্ড ট্রাম্প