বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জাহানারা ভূঁইয়া: বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-০৮-২৬ ১৩:২৯:০৯
ছবি: সংগৃহীত।

অবশেষে চলেই গেলেন অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। গতকাল, ২৫ আগস্ট সোমবার, বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার ভাতিজা সংগীতশিল্পী নিলয় আহমেদ খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, অভিনেত্রী জাহানারা ভূঁইয়া দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসের কারণে তার দুটি কিডনি অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি।
সত্তর ও আশির দশকে সিনেমায় অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও পরিচিতি লাভ করেন। সিনেমায় তার যাত্রা শুরু হয় গীতিকার হিসেবে। মুক্তিযোদ্ধা ও সিনемаা পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ সিনেমায় প্রথম গান লিখেছেন তিনি।
আশির দশকে ‘সৎমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর শতাধিক সিনেমায় কাজ করেছেন। তার পরিচালিত সিনেমার মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ উল্লেখযোগ্য।

কীওয়ার্ডস:জাহানারা ভূঁইয়া,অভিনেত্রী,গীতিকার,নির্মাতা,মিনেসোটা


এ জাতীয় আরো খবর