বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৪ আগস্ট) ইসি সচিব বরাবর এই অভিযোগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
অভিযোগে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তে স্থানীয় জনগণের আপত্তি জানাতে গিয়ে এনসিপি নেতাকর্মীরা নানা হুমকি ও হামলার শিকার হন। আতাউল্লাহ দাবি করেন, শুনানির দিন ইসির উপস্থিতিতেই বিএনপি নেতা রুমিন ফারহানার সমর্থকরা তার ওপর ও দলের নেতাদের ওপর হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।
এনসিপি নেতা রুমিন ফারহানা ও তার অনুসারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “উনি পরিচিত মুখ নন, জামায়াত না এনসিপি তা আমি জানি না। তবে উনার লোকজন আমাকে প্রথম ধাক্কা দিয়েছে। একজন নারী হিসেবে আমাকে ধাক্কা দিলে আমার লোকজন নিশ্চুপ থাকবে না।”
ঘটনার বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
কীওয়ার্ডস
বাংলাদেশনির্বাচন