ইরানে সম্পত্তির লোভে একে একে অন্তত ১১ স্বামীকে হত্যার অভিযোগে আলোচনায় কুলসুম আকবরি নামে এক নারী। ৫৬ বছর বয়সি এই ‘ব্ল্যাক উইডো’ দুই দশকেরও বেশি সময় ধরে ধনী, একাকী বা বিপত্নীক পুরুষদের বিয়ে করে তাদের সম্পত্তি হাতিয়ে নিতেন। এরপর বিষ, মাদক বা ভুল ওষুধ খাইয়ে মৃত্যু ঘটাতেন শিকারদের।
পুলিশ জানিয়েছে, ২০০০ সাল থেকে শুরু হওয়া এই হত্যাযজ্ঞে কুলসুম অন্তত ১১ জন স্বামীকে খুন করেছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সন্দেহ। একেকজনের মৃত্যু হার্ট অ্যাটাক বা শারীরিক জটিলতা হিসেবে ধরা পড়ায় পরিবারের সন্দেহ হয়নি।
২০২৩ সালে সর্বশেষ স্বামী গোলামরেজা বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর বিষয়টি ফাঁস হয়। বাবাইয়ের ছেলে পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তে বেরিয়ে আসে কুলসুমের অতীত। এমনকি ২০২০ সালে বিষ খাইয়ে হত্যাচেষ্টা ব্যর্থ হওয়া এক স্বামী বেঁচে গিয়ে পুরো ঘটনা প্রকাশ করেন।
গ্রেফতারের পর কুলসুম অপরাধ স্বীকার করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন নিহত স্বামীর সংখ্যা ১১-এর বেশি হতে পারে। এ ঘটনায় ইরানে উত্তাল জনতা দ্রুত ফাঁসির দাবি তুলেছে।
তবে তার আইনজীবীরা মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন জানিয়েছেন, যা নিহতদের পরিবার প্রত্যাখ্যান করেছে। আদালতের চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি, তবে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।