বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মে জ র ডা. খো শ রো জ সা মা দ

  • বিজয় নিশান উড়ছে ঐ বাংলার ঘরে ঘরে
  • ২০২৩-০৮-২১ ২০:৪৩:১৬

১. আমি চিরদিন ভালবাসার কাঙাল।  মানুষ যা চায়, তা পায় না। আমি পেয়েছি। এক জীবনে যতটুকু ভালবাসা চেয়েছি প্রাপ্তি তার শেষ পরিধিকেও ছাড়িয়ে গেছে যে! 
২.বুলবুল পাখির গান কি মিষ্টি!  কি মনোলোভা দেখতে! কি স্নেহময় আর মধুতে মাখা তার  বচন।ভালবাসা সতত নিম্নগামী। পিছনের দিনগুলিতে তাকিয়ে দেখি, সেই স্নেহের নীরবে বয়ে যাওয়া ফল্গুধারায় আমি বারবারই আকন্ঠ ডুবে গেছি।  আর সোনালী  বুলবুলের  ভালবাসা পাওয়া  আমার একজীবনের অর্জন। 
৩.যখন  তাঁকে প্রথম দেখি অদৃশ্যপূর্ব এক সৌন্দর্যের দিকে নিস্পলক তাকিয়ে ছিলাম। উনি আমাকে কাছে ডাকলেন, স্নেহার্দ অশ্রুতপূর্ব কন্ঠে বললেন " ও তুমি সেই খোশরোজ "। উনার শরীর থেকে অজানা  বুনো ফুলের সৌরভে মৌ মৌ করছিল। আমি প্রাণ ভরে ঘ্রাণ নিলাম।হ্যা, চিনি। এই মদিরা সুরভী আমার মায়ের শরীরে পরতে পরতে ছিল। 
৪.প্রথম দেখবার সেই মাহেন্দ্রক্ষণে আমি ভাবছিলাম স্নিগ্ধা এই দেবীর কন্ঠে আগুন আছে। যে আগুন হানাদার বুকে মৃত্যুর কাঁপন এনে দিয়েছিল,যে আগুন শোষণের কারাগার ভাংবার লাখো তরুণকে নিশ্চিত মৃত্যুর সামনে অমিত তেজে দেশ মাতৃকার জন্য লড়াই করবার জন্য হোমশিখা  জ্বালিয়েছিল। 
৫.একজন জীবনে কতগুলি গুণের আধার হতে পারে ?  কিন্নরকন্ঠী বুলবুল ছিলেন  একাধারে সুলেখক, গভীর জীবনবোধের অপরুপ দার্শনিক, নজরুলের বহুমাত্রিক  গবেষক,  অনলবর্ষী  বক্তা, প্রত্যুৎপন্ন সঞ্চালক, তুখোড় সংগঠক। বুলবুল তাঁর যাদুকরী হাতে যা ছুঁয়েছেন তাই সোনা ফলিয়েছে। বাংলার অবহেলিত শিশুদের নিছক  উদরপূর্তিই  নয় বরং মেধা ও মননে, দ্রোহে - মমতায় মানুষ করবার জন্য কচিকাঁচার মেলায় নিজের তারুণ্যের শ্রেষ্ঠ সময় তিনি দিয়েছেন। 
৬.যখন দেখি কোন কোন অযোগ্য নির্লজ্জের মত অপশক্তির ছত্রছায়ায় দেশ এবং জাতির সংবেদনশীল পদ আঁকড়ে ধরে আছে তখন বুলবুল, তোমার কথা মনে পরে যায়। 
৭.প্রিয়জন বুলবুল মহালানবীশ, আমরা অর্বাচীনরা তোমাকে পদ- পদবী, পুরস্কারের কন্টকমালা হয়ত পরিয়ে দেই নি। কিন্তু, তুমি নিজেই জানো দর্শক শ্রোতার ভালবাসাই শিল্পীর সবচেয়ে বড় পুরস্কার হয় তবে  সেই পুরস্কারের স্রোতবহায় তুমি অনেক আগেই ভেসে গেছো। একরাশ বিস্ময় নিয়ে আজও দেখি হায়েনারা তোমার কন্ঠবুলেটের কাছে নতজানু হয়ে তোমাকেই কুর্নিশ করছে। আর তুমি বাংলা নামের পলল মৃত্তিকায় লাল সবুজের পতাকা উড়িয়ে উচ্চশিরে গাইছো ' বিজয় নিশান উড়ছে ঐ বাংলার ঘরে ঘরে। '

 


এ জাতীয় আরো খবর