আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ কার্যক্রমে সরাসরি অংশ নিতেন সুমাইয়া জাফরিন। তার স্বামী সেনা কর্মকর্তা মেজর সাদিকও একই ঘটনায় সেনা হেফাজতে রয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজে তৎপর ছিল।
এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।
গত ১ আগস্ট আইএসপিআর জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং পূর্ণ তদন্ত শেষে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রমে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় চলছে।
ডিবি হেফাজতে থাকা সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেরিলা প্রশিক্ষণের নেপথ্যে কারা ছিলেন এবং কী উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল—এসব বিষয়ে নতুন তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
কীওয়ার্ডস:
সুমাইয়া জাফরিন আটক, মেজর সাদিক গেরিলা প্রশিক্ষণ, আওয়ামী লীগ গেরিলা প্রশিক্ষণ মামলা, ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ, সেনা কর্মকর্তা তদন্ত