অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ। তবে দলটি জুলাই সনদে সার্বিক ঐকমত্য ছাড়া নির্বাচন আয়োজনের বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ বুধবার (৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে বলেন, ড. ইউনূসের নির্বাচন সংক্রান্ত ঘোষণা নিঃসন্দেহে অনিশ্চয়তা দূর করেছে এবং গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সকল অংশীজনের প্রত্যাশা পূরণে পদক্ষেপ নেওয়া অপরিহার্য।
নেতৃদ্বয় উল্লেখ করেন, জুলাই ঘোষণার মূল দাবিদার ছাত্র নেতাদের অনুষ্ঠানে অনুপস্থিতি সংশয়ের অবসান ঘটায়নি, বরং নতুন প্রশ্ন তৈরি করেছে। তাদের মতে, এই সরকারের ভিত্তি ছাত্র আন্দোলনের বিপ্লবী চেতনায় নিহিত, তাই ছাত্র নেতাদের অবস্থান স্পষ্ট করা জরুরি।
জনতা পার্টি জানায়, সংসদ ভবন প্রাঙ্গণে কয়েকটি রাজনৈতিক দলের উপস্থিতিতে ঘোষিত জুলাই ঘোষণার অনেকাংশই গণচেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও রাজনৈতিক ইতিহাসের বয়ানে কিছু অসম্পূর্ণতা রয়েছে। তারা আরও বলেন, জুলাই ঘোষণার পাশাপাশি জুলাই সনদ সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এর সর্বসম্মত প্রণয়ন ছাড়া নির্বাচনের পর দেশ আবার স্বৈরাচারী শাসনের ঝুঁকিতে পড়তে পারে।
বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন ঘোষণার মাধ্যমে দায়িত্ব শেষ করেছে বলে ভাববে না। বরং জুলাই সনদের বাস্তবায়ন ও সর্বসম্মত গ্রহণযোগ্যতার দিকে অধিক মনোযোগী হওয়া প্রয়োজন, যাতে একটি গণতান্ত্রিক, সুশাসিত ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হয়।