মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

দ্য হান্ড্রেডে পাকিস্তানের দুই তারকা আমির ও ইমাদ,ভারতীয় মালিকানার গুঞ্জন উড়িয়ে দিলেন

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৮-০৬ ১২:৪১:৩০
ছবি সংগৃহিত

পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম ২০২৫ মৌসুমের জন্য ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা খেলবেন নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে।
নর্দার্ন সুপারচার্জার্সের মালিক ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সান গ্রুপ, যারা আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক। এই দলে দুই পাকিস্তানি খেলোয়াড়ের অন্তর্ভুক্তি দীর্ঘদিন ধরে চলা পাকিস্তানি খেলোয়াড়দের ‘অচ্ছ্যুত’ থাকার গুঞ্জনকে কার্যত উড়িয়ে দিয়েছে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন বহু বছর ধরে ক্রিকেটকেও প্রভাবিত করছে। বিশেষ করে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দীর্ঘ সময় ধরে বহাল রয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছিল, দ্য হান্ড্রেডেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ, এই টুর্নামেন্টের আট দলের মধ্যে চারটির মালিক ভারতীয় বংশোদ্ভূত এবং আরও দুই দলের মালিক ভারতীয়-আমেরিকান।
তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড শুরু থেকেই স্পষ্ট করে বলেছিলেন, মালিকানা পরিবর্তন পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি করবে না। তার ভাষায়, “আমরা জানি অন্য জায়গায় এমন নিষেধাজ্ঞা আছে। কিন্তু এখানে সেটা ঘটবে না।”
গত মার্চে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে কোনো পাকিস্তানি পুরুষ ক্রিকেটার দল পাননি। তখন অনেকেই ধারণা করেছিলেন, হয়তো নতুন মালিকানা পাকিস্তানি খেলোয়াড়দের নিতে অনিচ্ছুক। কিন্তু প্রকৃতপক্ষে ব্যস্ত আন্তর্জাতিক সূচি, টি-টোয়েন্টি দলের সমস্যাগুলো এবং শাহিন আফ্রিদি ও নাসিম শাহের শেষ মুহূর্তে অংশগ্রহণ করতে না পারাই এর কারণ।
নর্দার্ন সুপারচার্জার্সে আমির ও ইমাদকে দলে নেওয়া হয়েছে বেন ডওয়ারশুইস (পুরো মৌসুমে অনুপস্থিত) এবং মিচেল স্যান্টনারের (দুই ম্যাচে অনুপস্থিত) পরিবর্তে। স্যান্টনার ও ডওয়ারশুইস আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবেন।
সান গ্রুপ আগামী ১ অক্টোবর থেকে নর্দার্ন সুপারচার্জার্সের পূর্ণ মালিকানা বুঝে নেবে। ফলে ভারতীয় মালিকানার অধীনেও পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ এই টুর্নামেন্টে নতুন বার্তা দিয়েছে।

কীওয়ার্ডস: দ্য হান্ড্রেড, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, পাকিস্তানি ক্রিকেটার, নর্দার্ন সুপারচার্জার্স


এ জাতীয় আরো খবর