চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, “জামায়াতে ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি নয়।”
সোমবার (৪ আগস্ট) ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’।
মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামী মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না। আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। তাই আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।”
তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়ে শুধু তিনিই নন, পূর্বের মুরুব্বিরাও একই কথা বলেছেন।
সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী এবং সঞ্চালনা করেন হেফাজতের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী।
এ ছাড়া বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হুসাইন মুহাম্মদ ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, মাওলানা হাফেজ শোআহব, মাওলানা মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।
সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামীকে ঘিরে রাজনৈতিক ও আদর্শিক অবস্থান নিয়ে বিতর্ক বেড়েছে। বাবুনগরীর এই মন্তব্যকে অনেকেই দুই দলের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বের সাম্প্রতিক ইঙ্গিত হিসেবে দেখছেন।
কীওয়ার্ডস: হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, মহিবুল্লাহ বাবুনগরী, মওদুদীর ইসলাম, মদিনার ইসলাম