মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ঢাবির হলে নিপীড়ন: ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনে ‘গুপ্ত শিবির’ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৪ ১২:৩৭:২২
ছবি সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের পরিচয়ে শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে আবদুল কাদের উল্লেখ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগে যোগ দেওয়া কিছু সাবেক শিবির কর্মী ক্ষমতার সুযোগ নিয়ে চরম নির্যাতক হিসেবে পরিচিতি পায়। তিনি দাবি করেন, এসব ব্যক্তি নিজেদের ‘বিশ্বস্ত’ প্রমাণের জন্য অতি উৎসাহী হয়ে সহপাঠীদের ওপর দমন-পীড়ন চালাত।
আবদুল কাদেরের পোস্টে বলা হয়েছে, ২০২৩ সালের ২২ জানুয়ারি বিজয় একাত্তর হলে শিক্ষার্থী শাহরিয়াদকে রাতভর নির্যাতনের নেতৃত্বে থাকা মাজেদুর রহমান একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একইভাবে ঢাবি ছাত্রলীগের সর্বশেষ কমিটির দপ্তর সম্পাদক মুসাদ্দিক বিল্লাহ, জসীমউদ্দীন হলের আফজালুন নাঈম, মুজিব হলের ইলিয়াস হোসাইন এবং স্যার এ এফ রহমান হলের রায়হান উদ্দিনও আগে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।
কাদেরের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার পালাবদলের পর এরা আবার প্রকাশ্যে শিবিরের রাজনীতিতে সক্রিয় হয়েছে। এসব ‘গুপ্ত শিবির’ সদস্যরা তদবির ও তেলবাজির মাধ্যমে ছাত্রলীগে পদ-পদবি নিশ্চিত করেছিল।
তার পোস্টে আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪-এর পর গঠিত ব্যাচ প্রতিনিধি ও শৃঙ্খলা কমিটিগুলোও নাকি ‘শিবিরের প্রেসক্রিপশনে’ হয়েছে। অনলাইন ভোটের মাধ্যমে নিজেদের লোক বসিয়ে তারা পরে হলের ‘ছায়া প্রশাসক’ হিসেবে কাজ করেছে এবং ছাত্রলীগের নতুন তালিকা প্রণয়নে প্রভাব বিস্তার করেছে।
আবদুল কাদেরের দাবি, ছাত্রলীগের হয়ে নির্যাতনে জড়িত কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ফোনে তদবির করেছিলেন।
অভিযোগ অস্বীকার করে সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, “ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর যে গল্প তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি দাবি করেন, নির্দোষ ব্যক্তিদের রক্ষার জন্য কিছু নাম এনসিপির নেতাদের কাছে ফরওয়ার্ড করেছিলেন, যা ছিল অপরাধী শনাক্তের সচেতন প্রক্রিয়া।
তিনি আরও বলেন, “আমি কোনো অপরাধীকে রক্ষা করিনি। যাদের নাম এসেছে, তারা বর্তমানে শিবিরের সঙ্গে যুক্ত নন এবং ৫ আগস্টের পর থেকে কোনো কার্যক্রমেও অংশ নেননি।”

কীওয়ার্ডস: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নির্যাতন, গুপ্ত শিবির সদস্য অভিযোগ, আবদুল কাদের পোস্ট, সাদিক কায়েম পাল্টা বক্তব্য, ঢাবি হল নিপীড়ন তদন্ত


এ জাতীয় আরো খবর