‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব তফসিলি ব্যাংকে সরাসরি লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা সার্কুলারে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সরকারি ছুটি পালিত হবে। সেই সঙ্গে ব্যাংকগুলোতেও ওই দিন লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। সার্কুলারে স্বাক্ষর করেন বিভাগের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম।
তফসিলি ব্যাংকগুলো জানিয়েছে, ছুটির দিন সরাসরি শাখা সেবা বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা স্বাভাবিক থাকবে। গ্রাহকরা অনলাইন লেনদেন এবং কার্ড সেবার মাধ্যমে আর্থিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
এ বছরের শুরুতে সরকার ঘোষণা দেয়, প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ‘ক’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের অনুরোধ করেছে, যারা সরাসরি শাখা থেকে লেনদেন করার পরিকল্পনা করেছেন, তারা যেন ছুটির আগে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।
কীওয়ার্ডস: জুলাই গণঅভ্যুত্থান দিবস ব্যাংক ছুটি, ৫ আগস্ট ব্যাংক বন্ধ, বাংলাদেশ ব্যাংক সার্কুলার, অনলাইন ব্যাংকিং সেবা চালু, তফসিলি ব্যাংক লেনদেন বন্ধ