মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে পদ্মা নদীতে ভাসমান দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-০২ ২৩:০৫:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  মাসুদপুর সীমান্তের  পদ্মানদীতে ভাসমান দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তারাপুর হঠাৎপাড়া গ্রামের  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম(৪০) ও একই গ্রামের মৃত মতূর্জা রেজার ছেলে সেলিম রেজা(৩৫)।  স্থানীয় সূত্র,পুলিশ ও বিজিবি জানায়,শনিবার(২ আগষ্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার নারায়নপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের  সীমানায় ভাসমান  প্রায় অর্ধগলিত ‘ফেসকা পড়া’ মরদেহ দু’টি  উদ্ধার করে বিকালে গ্রামে নিয়ে আসে স্বজনরা।
স্থানীয় সূত্র জানায়, এই দুই বাংলাদেশী গত ৩১ জুলাই দিবাগত রাত থেকে  নিখোঁজ ছিল। তবে কিভাবে তারা নিখোঁজ হল এবং তাঁরা কি কাজ করত তা নিশ্চিত করে নি বিজিবি,পুলিশ বা দায়িত্বশীল কোন স্থানীয় সূত্র। তবে  বিভিন্ন সূত্রে জানা গেছে, এরা রাজমিস্ত্রী, নদীতে মাছমারা,সীমান্ত চোরাচালান সহ  বিভিন্ন কাজে জড়িত ছিল। নিখোঁজের পর থেকে স্বজনরা নদীতে তাঁদের খোঁজ করছিল।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক (৫৩বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল  ফাহাদ মাহমুদ  রিংকু   মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৩ এস হতে সীমান্তের আড়াই কিলোমিটার বাংলাদেশের ভেতরে পদ্মানদীতে ভাসমান মরদেহ দু’টি উদ্ধারের পর পুলিশে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবি ঘটনাগুলো তদন্ত করে দেখছে। মৃতদের পরিবারের পক্ষে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিত তদন্তের পর বিজিবি এ ব্যাপারে বিবৃতি দিবে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি  শিবগঞ্জ পুলিশের সহায়তায় ঘটনার তদন্ত শুরু করেছে। পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিশপাড়া এলাকার নদী থেকে মরদেহ দুটি উদ্ধার হয় বলে জানা গেছে। প্রাথমকিভাবে মৃত শফিকুলের মুখে থেতলানোর চিহ্ন পাওয়া গেছে। তবে  দু’জনের পরিবার থেকে  কোন অভিযোগ সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
সংশ্লিস্ট মনাকষা ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য সমির উদ্দিন বলেন, ওই দু’জন কিভাবে  নিখোঁজ হল তা নিশ্চিত নয়। তাঁরা মাছধরা,রাজমিস্ত্রী এমনকি  সীমান্ত চোরাচালানে জড়িত ছিল বলেও জানান তিনি। সংশ্লিস্ট গ্রাম পুলিশ জোহরুল ইসলামও প্রায় একই তথ্য দেন। সদরের নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, তাঁর ইউনিয়ন সীমানায় প্রথম পাওয়া   শফিকুল গরু চোরাচালানে জড়িত ছিল বলে শোনা গেছে।


এ জাতীয় আরো খবর