মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি

  • সকালের আলো ডেস্ক
  • ২০২৫-০৮-০২ ১৮:০৬:৩৯
ফাইল ছবি

বাংলাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত জুন ও জুলাই মাসে মোট ৪৩৮ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মাত্র জুলাই মাসেই ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।
বাংলাদেশ মহিলা পরিষদ জুলাই মাসের প্রতিবেদনে জানায়, তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে দেশের ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে। প্রতিবেদনটি স্বাক্ষর করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়-
ধর্ষণের শিকার হয়েছেন ৩২ জন কন্যা ও ১৯ জন নারী।
দলবদ্ধ ধর্ষণের শিকার ৪ জন কন্যা ও ৭ জন নারী।
ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১ জন কন্যাকে।
ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৮ জন কন্যা ও ২ জন নারীর ওপর।
প্রতিবেদন অনুসারে, যৌন সহিংসতার শিকার হয়েছেন ১৫ জন (৯ কন্যা ও ৬ নারী)। এছাড়া এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৭ জন নারী, যার মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৭ জনের মধ্যে (৩ কন্যা ও ১৪ নারী), যাদের বেশিরভাগই পারিবারিক সহিংসতার শিকার ছিলেন। যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৩ জন নারী।
জুলাই মাসে ৭৮ জন নারী ও কন্যা হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ১০ জন কন্যা ও ৫৬ জন নারী। হত্যার চেষ্টা করা হয়েছে ১ জন নারীকে, আর ১১ জন নারী ও কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এছাড়া অপহরণের শিকার হয়েছেন ১০ জন (৮ কন্যা ও ২ নারী) এবং পাচারের শিকার হয়েছেন ১০ জন নারী।
পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ৬ জন (২ কন্যা ও ৪ নারী)। গৃহকর্মী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৩ জন (২ কন্যা ও ১ নারী)। এছাড়া ২ জন কন্যাকে বাল্যবিয়ের চেষ্টা করা হয়েছে এবং ৬ জন নারী বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিচ্ছে।

কীওয়ার্ডস:
নারী নির্যাতন প্রতিবেদন ২০২৫, বাংলাদেশ মহিলা পরিষদ রিপোর্ট, কন্যাশিশু ধর্ষণ ও সহিংসতা, নারীর অধিকার সুরক্ষা, বাংলাদেশে পারিবারিক সহিংসতা


এ জাতীয় আরো খবর