মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৮-০১ ০২:০১:২২
ছবি সংগৃহিত

টানা দুই ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে হারারেতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে ব্যাটিং ব্যর্থতার তিক্ত স্বাদ পেল যুবারা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মাত্র ১৭৫ রানে অলআউট হয় দলটি। অধিনায়ক আজিজুল হাকিম লড়াই চালিয়ে ৫৯ রানের ইনিংস খেলেন (৫ চার, ২ ছক্কা)। তাকে সঙ্গ দেন কালাম সিদ্দিকী, যিনি ৬১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তবে বাকি ব্যাটারদের মধ্যে কেউই বড় ইনিংস খেলতে পারেননি-জাওয়াদ আবরার ৭, রিফাত বেগ ৯, আব্দুল্লাহ ১৭ এবং সাইমুন বশির মাত্র ৬ রান করেন।
প্রোটিয়া যুবাদের হয়ে জসন রয়লস দারুণ বোলিং করে ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া স্টান্ডো সনি ও বায়ান্ডা মজোলা ২টি করে উইকেট তুলে নেন।
১৭৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৬.৫ ওভারেই জয় তুলে নেয়। আরমান মানাকে ৫৭, মুহাম্মেদ বুলবিলিয়া ৩৯ এবং অলরাউন্ডার জসন রয়লস ৪১ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ৩ উইকেট নেন ২৯ রানে, আর ইকবাল ও দেবাশিষ ১টি করে উইকেট শিকার করেন।
৪ ম্যাচে ৩ জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশ একটি ম্যাচ কম খেলে ২ জয় পেয়েছে। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে এখনো কোনো জয় পায়নি।

কীওয়ার্ডস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ত্রিদেশীয় সিরিজ ২০২৫, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, হারারে ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ যুব ক্রিকেট


এ জাতীয় আরো খবর