চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আব্দুল আহাদ আরিফ (২০) নামে ছাত্রদলের এক নেতা ও তার বন্ধু মো. জুয়েল (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ২নং মাদামবিবিরহাট ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। অপর নিহত জুয়েল একই এলাকার আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ ও জুয়েল মোটরসাইকেলে ভাটিয়ারী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ঢাকামুখী রোডে উল্টোপথে প্রবেশ করলে পেছন থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
সকালের আলোর সচেতনতামূলক পরামর্শ-
-মোটরসাইকেল চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন।
-উল্টোপথে গাড়ি চালানো প্রাণঘাতী-এটি নিজের ও অন্যের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
-গতি নিয়ন্ত্রণে রাখুন এবং রাস্তার নিয়ম ভঙ্গ করা থেকে বিরত থাকুন, কারণ একটি ভুল মুহূর্তেই মৃত্যু ডেকে আনতে পারে।
-মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং ভারী যানবাহনের কাছাকাছি গেলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
কীওয়ার্ডস:
সীতাকুণ্ড মোটরসাইকেল দুর্ঘটনা, ছাত্রদল নেতা আরিফ নিহত, চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা, ভাটিয়ারী মহাসড়ক দুর্ঘটনা, বাংলাদেশ সড়ক দুর্ঘটনা সংবাদ