বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নারীদের সংরক্ষিত আসন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন তাহের

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২০:৩১:২০
ছবি সংগৃহিত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের মধ্যবর্তী চায়ের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নারীদের সংরক্ষিত আসন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
তাহের জানান, আলোচনায় সাতটি এজেন্ডা থাকলেও মূলত নারীদের আসন নিয়েই বিস্তর আলোচনা হয়েছে। তিনি বলেন, “নারীদের জন্য ১০০টি আসন সংরক্ষণের বিষয়ে জামায়াতে ইসলামী ইন প্রিন্সিপাল একমত। নারীরা পিআর সিস্টেমে ভোটের মাধ্যমে নিরাপদ ও সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করতে পারবেন।”
তবে তিনি সতর্ক করেন, বিদ্যমান কিছু প্রস্তাবে ত্রুটি রয়েছে যা নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে না। এজন্য একটি নিরাপদ কাঠামোর দাবি করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তাহের বলেন, “আমরা অনেক জায়গায় একমত হয়েছি, তবে কিছু বিষয়ে রিজার্ভেশন রয়েছে যা ‘নোট অব ডিসেন্ট’ আকারে দিয়েছি। প্রশ্ন হলো, এই ঐকমত্যের ভবিষ্যৎ কী? আইনি কাঠামো না হলে এই আলোচনার ফলাফল হবে না।”
তিনি দাবি করেন, আগামী সংসদে গিয়ে আইন প্রণয়ন করা অবাস্তব, কারণ বর্তমান সংস্কারের ভিত্তিতে নির্বাচন না হলে পুরনো নিয়মই বহাল থাকবে।
জামায়াত ইতোমধ্যে প্যানেল অব লইয়ার্সের সঙ্গে আলোচনা করেছে বলে জানান তাহের। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের মতে, আইনি কাঠামো আদেশ (LFO), গণভোট বা প্রোক্লেমেশনের মাধ্যমে এই সনদকে বৈধতা দেওয়া সম্ভব। অতীতের পঞ্চম ও সপ্তম সংশোধনীর উদাহরণ টেনে তিনি বলেন, পরবর্তীতে পার্লামেন্টে র‌্যাটিফাই করলে এটি সাংবিধানিক মর্যাদা পাবে।
তাহের দাবি করেন, জামায়াতে ইসলামীর কমিটিতে বর্তমানে ৪৩% নারী সদস্য রয়েছে, যা আইন অনুযায়ী বাধ্যতামূলক ৩৩% এর চেয়েও বেশি। “যারা নারীর অধিকারের কথা বেশি বলেন, তাদের দলে এই হার নেই,” বলেন তাহের।
তিনি আরও চান, চূড়ান্ত আলোচনায় জাতীয় ঐক্য কমিটির প্রেসিডেন্টের সরাসরি উপস্থিতি নিশ্চিত করা হোক, যাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সরাসরি বিনিময় করা যায়।
তাহেরের মতে, জুলাই সনদ ও ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে আইনি ঘোষণা প্রকাশ করলে আদালতে আর কেউ এটি চ্যালেঞ্জ করতে পারবে না।

কীওয়ার্ডস: জাতীয় ঐকমত্য কমিশন সংলাপ, জামায়াতে ইসলামী নারীদের আসন, জুলাই সনদ আইনি ভিত্তি, তাহের বক্তব্য ২০২৫, বাংলাদেশ সংবিধান সংস্কার


এ জাতীয় আরো খবর