মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিপিএলের মার্কেটিং দায়িত্বে পাঁচ প্রতিষ্ঠানের আগ্রহ,নতুন রূপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ০১:৩৬:০৮
ছবি সংগৃহিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসরে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নেওয়ার জন্য পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ১০ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির পর আগ্রহপত্র জমা দেয় সংযুক্ত আরব আমিরাতের অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, ভারতের রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি, আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেডের যৌথ উদ্যোগ এবং বাংলাদেশের ট্রান্সপোর্ট গ্রুপ।
বিসিবি জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে শুধু মার্কেটিং নয়, পুরো বাণিজ্যিক মডেল পুনর্গঠন, মিডিয়া স্পন্সরশিপ অধিকার, ব্র্যান্ডিং কৌশল, ফ্র্যাঞ্চাইজি কাঠামো এবং ম্যাচ ডে ফ্যান এনগেজমেন্ট পরিকল্পনাও হাতে নিতে হবে। এজন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিস্তারিত প্রেজেন্টেশন ও আর্থিক প্রস্তাব চাওয়া হয়েছে।
১০ বছর পেরোলেও বিপিএল এখনো আন্তর্জাতিক মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি। অতীতের ব্যর্থতা কাটিয়ে নতুন রূপে আসরটি আয়োজনের জন্য কাজ করছে বিসিবি। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিপিএলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্তি এবং আধুনিক বাণিজ্যিক কাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য।
অংশগ্রহণকারী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটি বিদেশি। অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রচারের কাজের অভিজ্ঞতা দাবি করছে। বিশ্বব্যাপী খ্যাতনামা যুক্তরাষ্ট্রের আইএমজি ক্রীড়া ও মিডিয়া ইভেন্ট ম্যানেজমেন্টে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ভারতের রিয়েল ইম্প্যাক্ট ইতোমধ্যে বিসিবির সঙ্গে টিভি প্রোডাকশনে কাজ করছে। খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী মাইন্ড ট্রি লিমিটেড আইপিজি গ্রুপের সঙ্গে যৌথভাবে আগ্রহ দেখিয়েছে। একমাত্র দেশীয় প্রতিষ্ঠান ট্রান্সপোর্ট গ্রুপের তথ্য সীমিত হলেও শোনা যাচ্ছে, এটি বিসিবির সঙ্গে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম।
বিসিবির বাছাই প্রক্রিয়া শেষে শিগগিরই চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, নতুন অংশীদারিত্ব বিপিএলের ব্র্যান্ড মূল্য ও দর্শক আকর্ষণে বড় ভূমিকা রাখবে।


এ জাতীয় আরো খবর