সোমবার, আগস্ট ১৭, ২০২৬

কর্ণফুলীতে স্বামীর হামলায় স্ত্রীর মৃত্যু,অভিযুক্ত পলাতক

  • চট্টগ্রাম প্রতিনিধি
  • ২০২৫-০৭-৩১ ০০:৩৬:৪৬

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর হামলায় কুনসুমা বেগম (৪০) নিহত হয়েছেন। হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী আব্দুল আজিজ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুনসুমার মৃত্যু হয়। তার আগে ভোর ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুনসুমা বেগম মূলত বান্দরবানের আলীকদমের বাসিন্দা। দুই বছর আগে স্বামী আজিজকে নিয়ে কর্ণফুলীর খোয়াজনগরে ভাড়া বাসায় উঠেছিলেন। দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল।
বুধবার ভোরে নতুন করে ঝগড়ার সময় আব্দুল আজিজ শিলপাটা দিয়ে স্ত্রী কুনসুমার মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। কিন্তু কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান,"ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কীওয়ার্ডস:
কর্ণফুলীখুন ChattogramCrime পারিবারিককলহ নারীনির্যাতন BangladeshNews


এ জাতীয় আরো খবর