মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কারাকোরামে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী লাউরা ডালমেয়ার

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩০ ২০:২০:০০
ছবি সংগৃহিত

জার্মানির কিংবদন্তি বায়াথলেট ও দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী লাউরা ডালমেয়ার পর্বতারোহণ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার লায়লা পিক আরোহণের সময় সোমবার (২৮ জুলাই) পাথরধসে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডালমেয়ারের ব্যবস্থাপনা সংস্থা এবং জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা (DOSB)।
ডালমেয়ারের সঙ্গে থাকা সহপর্বতারোহী মারিনা ইভা দ্রুত সংকেত পাঠানোর পর উদ্ধার অভিযান শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার সোমবার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। মঙ্গলবার সকালে হেলিকপ্টার দুর্গম এলাকায় পৌঁছে তাঁর অবস্থান শনাক্ত করলেও আবহাওয়া ও ভৌগোলিক জটিলতায় দ্রুত উদ্ধার সম্ভব হয়নি।
আজ বুধবার (৩০ জুলাই) ডালমেয়ারের ব্যবস্থাপনা টিম জানায়, জীবনের শেষ মুহূর্তে তিনি অনুরোধ করেছিলেন, "আমার প্রাণ বাঁচাতে গিয়ে বা দেহ উদ্ধার করতে গিয়ে কেউ যেন জীবন ঝুঁকিতে না ফেলে।" তাঁর পরিবার স্থানীয় উদ্ধারকর্মী ও পাহাড়ি বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট থমাস ওয়েইকার্ট এক বিবৃতিতে বলেন, "ডালমেয়ারের আকস্মিক মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তিনি ক্রীড়াঙ্গনে ও এর বাইরেও অসংখ্য মানুষের অনুপ্রেরণা ছিলেন।"
২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে ইতিহাস গড়েন ডালমেয়ার। তিনি প্রথম নারী বায়াথলেট হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট বিভাগে স্বর্ণপদক জয় করেন। এর আগে ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি রেকর্ড পাঁচটি স্বর্ণপদক অর্জন করেছিলেন। মাত্র ২৫ বছর বয়সে, ২০১৯ সালে, তিনি পেশাদার ক্রীড়া জীবন থেকে অবসর নেন।
ডালমেয়ারের ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে লিখেছে, "উষ্ণ হৃদয় ও সরলতায় ভরা এক মানুষ ছিলেন তিনি। তাঁর স্মৃতি আমাদের ও বিশ্বের বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
ওয়েইকার্ট আরও যোগ করেন, "লাউরার গল্প শুধু পদকে সীমাবদ্ধ নয়; প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা, ক্রীড়ার প্রতি দায়বদ্ধতা ও সমাজসেবামূলক মনোভাব তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।"

কীওয়ার্ডসঃলাউরা ডালমেয়ার মৃত্যু,কারাকোরাম দুর্ঘটনা,জার্মান অলিম্পিক স্বর্ণজয়ী,লায়লা পিক পর্বতারোহণ,জার্মান ক্রীড়া সংবাদ


এ জাতীয় আরো খবর