বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৫ আগস্ট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩০ ১৬:১৬:১২
ছবি সংগৃহিত

আগামী ৫ আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান চালানোর নির্দেশনা দেয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই অভিযান সারাদেশে নয়, শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য ডিএমপি থেকে জানানো হবে।”
রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের কেউই ছাড় পাবে না।”
অন-অ্যারাইভাল ভিসা বাতিলের গুঞ্জন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেসব দেশের সাথে আমাদের চুক্তি রয়েছে, তাদের নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতে থাকবে। যাদের সাথে চুক্তি নেই, তাদের জন্য এ সুবিধা নেই।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা পুলিশ সদর দপ্তরে একটি কনফারেন্সে অংশ নেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার মাধ্যমে ৫ আগস্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজব ও শঙ্কার অবসান ঘটল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

কীওয়ার্ডস :স্বাস্থ্য নিরাপত্তা বিশেষ অভিযান ঢাকা পুলিশ অন-অ্যারাইভাল ভিসা গঙ্গাচড়া ঘটনা


এ জাতীয় আরো খবর