তাবলিগ জামাতের দুই গ্রুপ-সাদ ও জুবায়েরপন্থীদের দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় সরকার সাত সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আজ এক বৈঠক শেষে তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত এই কমিটিতে উভয় গ্রুপের দুজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি ভবিষ্যতে বিশ্ব ইজতেমা সহ তাবলিগ জামাতের সকল কার্যক্রমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবে।
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “দুই গ্রুপের সম্পর্ক স্বাভাবিক রাখতে এবং যেকোনো বিরোধ দ্রুত সমাধানের জন্য এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। অচিরেই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
বৈঠকটি অনুষ্ঠিত হয় কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমার ময়দানসংক্রান্ত বিরোধ মীমাংসা নিয়ে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাদপন্থীরা অভিযোগ করেন যে, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তারা মসজিদে শান্তিপূর্ণভাবে অবস্থানের দাবি জানান। অন্যদিকে কাকরাইল মসজিদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক।
মামুনুল হক শুধু বলেন, “আগামীতে বিশ্ব ইজতেমা নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য দুই গ্রুপের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাত সদস্যের কমিটি গঠন করে সমস্যার সমাধান করা হবে।”
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।
কীওয়ার্ডস: তাবলিগ জামাত দ্বন্দ্ব, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, বিশ্ব ইজতেমা, কাকরাইল মসজিদ